পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোক্তা ও জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি ও সড়ক নিরাপত্তা বিষয়ক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী সোমবার মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার এবং বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান-মাহমুদ-ডালিম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাজার ব্যবস্থাপনা, পণ্যের মান ও মূল্য তদারকির পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নেওয়া হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন পণ্যের মূল্য তালিকা ও লাইসেন্স যাচাই করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মান ও মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের দিকনির্দেশনা দেন।
পাশাপাশি তিনি সড়কে দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, টমটম, মিশুক ও ট্রাক ইত্যাদি যানবাহনের লাইসেন্স এবং ফিটনেস সনদ তদারকি করেন। এ সময় অপ্রাপ্তবয়স্ক চালকরা যাতে অটোরিকশা, টমটম বা মিশুক পরিচালনা না করতে পারে সেদিকে কঠোর দৃষ্টি দেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হয়।
ইউএনও ইমরান-মাহমুদ-ডালিম সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। তিনি বলেন, 'পবিত্র মাহে রমজানে যাতে কোনো ভোক্তা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন এবং সড়কে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে, সেজন্য উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। জনস্বার্থেই এই অভিযান অব্যাহত থাকবে।'