মালয়েশিয়ার স্বপ্ন দেখিয়ে অপহরণ, সাগরে বন্দি করে নির্যাতন, আর মুক্তিপণ দাবি জনপ্রতি ৫০ লাখ টাকা। টেকনাফ থেকে সাগরপথে মানবপাচারের নামে চলছিল ভয়ংকর জিম্মি-বাণিজ্য। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ছয় দিন ট্রলারে আটকে রেখে নির্যাতনের পাশাপাশি ৭ থেকে ৮ জনকে সাগরে ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে পাচারকারীদের মধ্যে সংঘর্ষ বাধলে পালিয়ে যায় চক্রের সদস্যরা। শুক্রবার রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে আটকে পড়া ট্রলার থেকে নারী ও শিশুসহ উদ্ধার করা হয় ২৮ জনকে।
কক্সবাজার জেলা প্রশাসনের বিচকর্মীরা জানায়, কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে শুক্রবার রাত ১০টার দিকে মালয়েশিয়াগামী একটি ট্রলার আটকে যায়। ট্রলার থেকে নেমে কয়েকজন পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনের সহায়তায় খবর পেয়ে ঘটনাস্থলে যান বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ। পরে জেলা পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ট্রলারে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে দুজন নারী, দুজন শিশু ও ২৪ জন পুরুষ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের অভিযোগ, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের প্রথমে বিভিন্ন বাড়িতে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় মুঠোফোন। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে মারধর ও নির্যাতন করা হয়। কয়েক দফায় ছোট নৌকায় করে তাঁদের গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়। সেখানে ছয় দিন আটকে রেখে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়।
ভুক্তভোগীদের কয়েকজনের দাবি, ট্রলারে থাকা সাতজনকে সাগরে ফেলে দেওয়া হয়। এ নিয়ে একপর্যায়ে ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে দালালচক্রের সদস্যদের সংঘর্ষ বাধে। পরে কয়েকজন ভুক্তভোগী প্রতিরোধ গড়ে তুললে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। তাঁদের মধ্যে দুজনকে আটক করা হলেও পরে তাঁরাও পালিয়ে যান বলে দাবি করেছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা।
উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে মানবপাচার ও অপহরণের এমন ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেছে। তাঁদের কয়েকজনের স্বজনও থানায় এসে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ করেছেন।
বাড়িতে আটকে রেখে পরে নেওয়া হয় সাগরে
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধু ইমন ও ফয়েজ আহমদকে নিয়ে টেকনাফে এক পরিচিত ব্যক্তির কাছে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁদের একটি ঘরে নিয়ে আটকে রাখা হয়। পরে বুঝতে পারেন, তাঁদের মানবপাচারকারী চক্রের কাছে তুলে দেওয়া হয়েছে।
রিদুয়ান বলেন, তাঁদের মুঠোফোন কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লাঠি, দা ও বিভিন্ন অস্ত্র নিয়ে লোকজন তাঁদের পাহারা দিত। আট থেকে নয় দিন আটকে রাখার পর এক রাতে মেরিন ড্রাইভ দিয়ে বালুচরের একটি স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নারীসহ প্রায় ৪০ জনকে দুটি ছোট নৌকায় তোলা হয়। পরে তাঁদের গভীর সমুদ্রে একটি বড় ট্রলারে নেওয়া হয়।
রিদুয়ানের ভাষ্য, ট্রলারে প্রথমে চার দিন এবং পরে আরেকটি নৌকায় আরও দুই দিন থাকতে হয়। এ সময় দিনে দুই বেলা সামান্য খাবার দেওয়া হতো। একপর্যায়ে তাঁদের কাছে জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
তিনি বলেন, মুক্তিপণের বিষয় নিয়ে কয়েকজন বয়স্ক ব্যক্তি মাঝির সঙ্গে কথা বলতে গেলে তাঁদের একজনকে মারধর করা হয়। এরপর ট্রলারে থাকা ব্যক্তিদের সঙ্গে অস্ত্রধারীদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ট্রলারে থাকা কয়েকজন নৌকা চালিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
কোল থেকে সন্তান কেড়ে নেওয়ার অভিযোগ
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। টেকনাফের সাবরাং এলাকার নাসিমা জানান, সন্ধ্যায় একজনের সঙ্গে কোথাও যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হঠাৎ তাঁর কোল থেকে সন্তান কেড়ে নেন। সন্তানের পেছনে দৌড়ালে তাঁকেও ধরে একটি বাড়িতে আটকে রাখা হয়।
নাসিমা বলেন, সেখানে অনেক দিন আটকে রাখা হলেও কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। সন্তানকে নিয়ে বন্দী অবস্থায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁকে।
অন্যদিকে, এক বাবা অভিযোগ করেন, তাঁর সন্তানকে আটকে রেখে ফোনে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। টাকা না দিলে সন্তানকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
কাজের প্রলোভনেও অপহরণ
চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে পরিচিত এক ব্যক্তির সঙ্গে টেকনাফে গিয়ে তিনি অপহরণের শিকার হন। তাঁর ভাষ্য, জমি মাপজোখের কাজ শেষে হিসাব করার জন্য একটি বাসায় নেওয়া হয় তাঁদের। সেখানে যাওয়ার পর হঠাৎ দরজা বন্ধ করে দেওয়া হয়। চাকু দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি মুঠোফোন কেড়ে নেওয়া হয়।
পরে সুপারি বাগানের ভেতরের একটি ভবনে প্রায় সাত দিন আটকে রাখা হয় তাঁদের। ঠিকমতো খাবার দেওয়া হতো না। কারও সঙ্গে কথা বলার বা যোগাযোগের সুযোগও ছিল না।
মুক্তার হোসেন নামের আরেক ভুক্তভোগী জানান, নারায়ণগঞ্জে চাকরি করার সময় এক বন্ধুর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তাব পান। প্রথমে সাড়ে তিন লাখ টাকা চাওয়া হলেও পরে তিন লাখ টাকায় পাঠানোর কথা বলা হয়। দালালের দেওয়া ঠিকানায় কক্সবাজারে পৌঁছানোর পর তাঁকে একটি কক্ষে আটকে রাখা হয়। সেখানে আরও অনেককে বন্দী অবস্থায় দেখতে পান তিনি।
সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগ
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরের দাবি, তাঁদের ট্রলারে মোট ৭২ জন ছিলেন। দালালচক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে কয়েকজন মিলে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের দিকে রওনা হন।
জাহাঙ্গীর বলেন, শৈবাল পয়েন্টে ট্রলারটি আটকে গেলে সবাই নেমে ঝাউবাগানের দিকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের আটকে বসিয়ে রাখেন।
টেকনাফের কচুবনিয়া এলাকার ইলিয়াছের দাবি, দালালচক্রের সদস্যদের অতিরিক্ত মারধরের প্রতিবাদ করলে ট্রলারে সংঘর্ষ বাধে। একপর্যায়ে দালালচক্রের সদস্যরা অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়। দুজনকে আটক করা হলেও পরে তাঁরাও পালিয়ে যান।
স্বজনদেরও মুক্তিপণের জন্য ফোন
উদ্ধার হওয়া ব্যক্তিদের খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় ছুটে আসেন তাঁদের স্বজনেরা। তাঁদের একজন উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম। তিনি জানান, ১০ দিন ধরে ছেলের কোনো খোঁজ পাচ্ছিলেন না। এর মধ্যে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁকে ফোন করে ছেলের কবর পেয়েছেন কি না, তা জানতে চাওয়া হয়। পরে ছেলের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ছেলে কান্নাজড়িত কণ্ঠে জানায়, তাকে মারধর করে বেঁধে রাখা হয়েছে।
সাইফুল ইসলামের অভিযোগ, ফোনের অপর প্রান্তের ব্যক্তি ছেলেকে ফেরত পেতে এক লাখ ২০ হাজার টাকা দাবি করেন। দেড় ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলা হয়। টাকা দিতে না পারলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের জানান, তাঁর ছেলে দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে জানতে পারেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজ নামের এক ব্যক্তিসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁরা।
ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা অভিযোগ করেন, টেকনাফকেন্দ্রিক একটি চক্র দীর্ঘদিন ধরে অপহরণ ও মানবপাচারের সঙ্গে জড়িত। তাঁদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে উদ্ধার হওয়া ২৮ জনকে রাতে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়। তাঁদের কাছ থেকে ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করে পুলিশ।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, উদ্ধার ২৮ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে মানবপাচারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এখানে যারা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।
শেখ মুহাম্মদ আলী বলেন, উদ্ধার ব্যক্তিদের স্ব-স্ব স্বজনদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।