কৃষকদের উৎপাদিত খাদ্য শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে উখিয়ায় সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে।
সোমবার (১৮ মে) উপজেলা খাদ্য গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ ফরিদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা কৃষি অফিসার কামানশিস সরকার।
এ সময় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু নাঈম ভূঁইয়া, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজা পালং ইউনিয়নের দুজন কৃষক আনুষ্ঠানিকভাবে এর উৎপাদিত ধান খাদ্য গুদামে সংগ্রহ কর্মসূচিতে সরবরাহ করে।
উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদুল আলম জানান, সরকার নির্ধারিত ৩৬ টাকা মূল্যে প্রতি কেজি ধান কৃষকের নিকট থেকে ক্রয় করবে । বোরো ধান সংগ্রহ কার্যক্রম ৩১ জুলাই পর্যন্ত চলবে।
উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু নাঈম ভূঁইয়া বলেন, খাদ্য মন্ত্রণালয় উখিয়ায় এবারে ৬০৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।