ঋণ নিয়ে পেঁপে চাষ করেছিলেন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ৬৫ বছরের বৃদ্ধ কৃষক মোক্তার আহমদ। গাছে থোকায় থোকায় ধরেছিল পেঁপে। আশা ছিলো, ওই পেঁপে বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করা যাবে। কিন্তু এবারের সাতদিনের বন্যায় ভেসে গেছে তাঁর স্বপ্ন।
ক্ষতিগ্রস্ত কৃষক মোক্তার আহমদ বলেন, প্রায় দেড়কানি জমিতে পেঁপে চাষ করেছি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছি। জমিতে প্রায় সাত’শটি পেঁপে গাছ রোপন করা হয়েছে। গাছের একবছর বয়স হয়েছে। এবারে ভালো ফলন ধরেছে। এরইমধ্যে পেঁপে উত্তোলনের সময় হয়েছে। কিন্তু সাতদিনের ভারিবর্ষণে জমিতে কোমর পরিমান ঢলের পানি প্রবেশ করেছে। এতে ডুবে রয়েছে পেঁপে গাছ গুলো। ঢলের পানি জমে থাকায় পেঁপে গাছ গুলো পড়ে গেছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হবে বলে জানান কৃষক মোক্তার আহমদ।
চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসী বলেন, চকরিয়া ও মাতামুহুরী উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষেত দেখতে গিয়েছিলাম। অনেক জমির পেঁপে গাছ পড়ে গেছে। গাছের গোড়ায় পানি জমার কারণে এমন হয়েছে। তবে গোড়ায় মাটি দিয়ে গাছ খাড়া করলে তেমন একটা নষ্ট হবে না।
তিনি আরও বলেন, অন্যান্য সবজি চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের কাছে ক্ষতির পরিমান তালিকা করে পাঠানো হয়েছে। সরকার ধানের বীজ দিয়েছে কৃষকদের কাছে। বৃষ্টি কমে গেলে বিতরণ করা হবে বলে জানান তিনি