কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত এন আলম গ্যাস স্টেশনে (পাম্প) অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ও আহতদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) লুৎফুর রহমান কাজলকে টেলিফোন করে তিনি ঘটনাস্থলের সর্বশেষ পরিস্থিতি ও আহতদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।
গতকাল এমপি লুৎফুর রহমান কাজল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে এমপি কাজল লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ, সরাসরি আমাকে ফোন করে এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এবং আহতদের ব্যাপারে খোঁজ নিয়েছেন বাংলাদেশের মানবিক প্রধানমন্ত্রী।"
পোস্টের কমেন্টে অনেক ফেসবুক ব্যাবহারকারী ইতিবাচক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। রাষ্ট্রের প্রধানমন্ত্রী ঘটনার পর দ্রুত সময়ে সরাসরি ফোন করে সার্বিক খোঁজখবর নেওয়ায় অনেকে প্রধানমন্ত্রীর প্রতি মুগ্ধতা ও সাধুবাদ জানান।
উল্লেখ্য, কক্সবাজার শহরের ব্যস্ততম এলাকা কলাতলীর এন আলম গ্যাস স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের মতো একটি স্থানীয় দুর্ঘটনার পর সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এমন দ্রুত খোঁজখবর নেওয়ার বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আশার আলো ও সান্ত্বনার সঞ্চার হয়েছে।