দীর্ঘদিনের অপেক্ষা। নির্যাতন, বাস্তুচ্যুতি আর অনিশ্চয়তার মধ্যে কেটে গেছে বছরের পর বছর। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায় ঘোষণার মুহূর্তে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরগুলোতে ছিল টানটান উত্তেজনা। কারও চোখে ছিল উৎকণ্ঠা, কারও মনে নতুন করে আশার সঞ্চার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটার আগে থেকেই উখিয়ার ১৫ নম্বর জামতলী ক্যাম্পের মাঠে জড়ো হতে থাকেন শয়ে শয়ে রোহিঙ্গা। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে মানুষের ভিড়। মাঠে জায়গা না পেয়ে অনেকে আশপাশের সড়ক ও খোলা জায়গায় অবস্থান নেন। সবার অপেক্ষা একটাই; আন্তর্জাতিক আদালত কী সিদ্ধান্ত দেন।
কারও হাতে ‘ধন্যবাদ গাম্বিয়া’, কারও হাতে ‘আমরা নিজ দেশে, নিজ ঘরে ফিরতে চাই’, ‘আমরা কষ্টে আছি’, ‘গণহত্যা বন্ধ কর’ এবং ‘রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত কর’ লেখা প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডের মাধ্যমে বিশ্ববাসীর কাছে ন্যায়বিচার এবং নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অবশেষে শুরু হয় আদালতের রায় পাঠ। মুহূর্তেই নীরব হয়ে পড়ে পুরো ক্যাম্প। মাঠজুড়ে পিনপতন নীরবতা। সবার চোখ টেলিভিশনের বড় পর্দায়। যারা পর্দার সামনে জায়গা পাননি, তারা মোবাইল ফোনে সরাসরি রায় দেখছিলেন। রায়ের প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনছিলেন উপস্থিত রোহিঙ্গারা।
রায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেয়ার মতো গুরুতর অপরাধের বিষয় উঠে আসে। ২০১৭ সালে রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানের সময় সংঘটিত সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে আসার পথেও রোহিঙ্গাদের ওপর হামলার বিষয়টি বিবেচনায় নেয় আদালত।
রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের বৈষম্য, নিপীড়ন এবং তাদের একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার অভিপ্রায়ের বিষয়টিও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে। পাশাপাশি গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেয়ার ক্ষেত্রে মিয়ানমারের ব্যর্থতার বিষয়টি তুলে ধরা হয়।
আদালতের এ রায়কে দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণের পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন রোহিঙ্গারা। তাদের মতে, এ রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তাদের ওপর সংঘটিত অপরাধের বিচারিক স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পথ তৈরির নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা জমিল উদ্দিন বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে রোহিঙ্গারা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিনের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ জন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আদালতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানান।
জমিল উদ্দিন আরও বলেন, গাম্বিয়া রোহিঙ্গাদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আইনি লড়াই করেছে। তাদের উদ্যোগের ফলে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও অবিচারের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পেয়েছে। এই রায় তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
তবে শুধু রায়ে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মনে করেন রোহিঙ্গা নেতারা। তাদের দাবি, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার পাশাপাশি দ্রুত নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি করতে হবে।
মো. সোয়েব (৪৮) বলেন, মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। নারীদের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে এবং ছোট শিশুদের আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের যথার্থতা রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে।
তিনি বলেন, আদালতে উপস্থাপিত সাক্ষ্য ও তথ্য-প্রমাণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কার্যক্রমের অজুহাতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার পক্ষে মিয়ানমার যে তথ্য-প্রমাণ উপস্থাপন করেছে, তা আদালতের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। তার মতে, আরসার কার্যক্রমকে সামনে রেখে রোহিঙ্গাদের ওপর পরিকল্পিতভাবে হত্যা ও নির্যাতন চালানোর বিষয়টি আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে।
স্বতন্ত্র জাতিসত্তার স্বীকৃতিও গুরুত্বপূর্ণ
ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি সৈয়দ উল্লাহ (৪৩) বলেন, মিয়ানমারের পরিকল্পিত গণহত্যা ও রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে স্পষ্টভাবে উঠে এসেছে। তবে এই রায়ের অন্যতম গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তা ও পরিচয়ের স্বীকৃতি।
তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি ও স্বতন্ত্র জাতিগত বৈশিষ্ট্যসম্পন্ন একটি জনগোষ্ঠী। তাদের পরিচয়ের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাওয়ায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের দাবি ও অস্তিত্বের স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।
তবে এই অর্জনে সন্তুষ্ট হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মনে করেন সৈয়দ উল্লাহ। তার মতে, আইসিজের রায় বাস্তবায়ন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও জোরালো উদ্যোগ নিতে হবে।
তিনি বলেন, শুধু বাংলাদেশ সরকার বা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে এ সংকটের সমাধান সম্ভব নয়। সুশীল সমাজ, গণমাধ্যম, সরকারি সংস্থা, অধিকারকর্মী, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন এবং রোহিঙ্গা নেতাদের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বৈশ্বিক রাজনৈতিক স্বার্থের শিকার উল্লেখ করে সৈয়দ উল্লাহ বলেন, বিভিন্ন পক্ষ নিজেদের রাজনৈতিক স্বার্থে রোহিঙ্গা সংকটকে ব্যবহার করছে। ফলে আইসিজের রায় বাস্তবায়নের পথ সহজ হবে না। এ জন্য আন্তর্জাতিক পর্যায়ে দৃঢ় অবস্থান এবং কার্যকর নীতি গ্রহণ জরুরি।
রায় বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ
শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর মনে করেন, আইসিজের রায়ে রোহিঙ্গাদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তাদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে গণহত্যার স্বীকৃতি এবং এর পেছনে থাকা উদ্দেশ্য ও প্রমাণের বিষয়গুলো স্পষ্টভাবে উঠে আসা এ রায়ের উল্লেখযোগ্য দিক।
আসিফ মুনীর বলেন, রায়ের শুরুতেই রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তা, নিজস্ব বৈশিষ্ট্য এবং মিয়ানমারের আদি অধিবাসী হিসেবে তাদের পরিচয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ। কারণ, জাতিসত্তার স্বীকৃতির সঙ্গে রোহিঙ্গাদের অধিকার ও নাগরিক হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধার বিষয়গুলো গভীরভাবে সম্পর্কিত।
তিনি বলেন, আইসিজের রায় আন্তর্জাতিক আইনের অধীনে বাধ্যতামূলক। ফলে মিয়ানমার কীভাবে এ রায় বিবেচনা করে এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়, সেটিই এখন দেখার বিষয়। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে মিয়ানমার আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রতিবেদন জমা দিয়েছে। ফলে পুরো বিচারিক প্রক্রিয়াকে প্রত্যাখ্যান করার সুযোগ দেশটির ছিল না। এ রায়ও পুরোপুরি উপেক্ষা করা সহজ হবে না।
তবে রায় বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। বিষয়টি শুধু মিয়ানমারের সামরিক জান্তা বা সরকারের ওপর নির্ভর করছে না। দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাবিরোধী মনোভাবও একটি বড় বাধা। ফলে আন্তর্জাতিক আইনের এ রায় মিয়ানমারের অভ্যন্তরে কীভাবে গ্রহণযোগ্য করা হবে, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন।
আসিফ মুনীর আরও বলেন, রায়ে প্রত্যাবাসনের বিষয়টি সরাসরি উল্লেখ না থাকলেও ক্ষতিপূরণের বিভিন্ন দিক উঠে এসেছে। পাশাপাশি দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কূটনৈতিক ও রাজনৈতিক তৎপরতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
রোহিঙ্গাদের প্রতিনিধিত্বশীল অবস্থান তৈরির ওপরও গুরুত্ব দেন এই শরণার্থী বিশেষজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। তাদের একটি সুসংগঠিত প্রতিনিধিত্বশীল কাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা জরুরি। শরণার্থী হিসেবে দুর্বল অবস্থানে থাকা রোহিঙ্গাদের পক্ষে এককভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অধিকার আদায়ের উদ্যোগ পরিচালনা করা কঠিন।
মিয়ানমারের বিরোধী রাজনৈতিক দল, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি), আরাকান আর্মিসহ দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ এ রায়কে কীভাবে দেখছে, সেটিও বিবেচনায় নেয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। তার মতে, মিয়ানমারে চলমান সংঘাত ও অস্থিতিশীলতার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি না হলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করা কঠিন হবে।
আসিফ মুনীরের মতে, এ রায় শুধু রোহিঙ্গাদের জন্য নয়, বিশ্বের অন্যান্য অঞ্চলে গণহত্যা ও জাতিগত নিপীড়নের শিকার জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতে অন্যান্য দেশে সংঘটিত গণহত্যার বিচার ও দায়বদ্ধতা প্রতিষ্ঠার উদ্যোগেও এ রায়ের পর্যবেক্ষণ ও আইনি ব্যাখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব আলোচনায়
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন। রোহিঙ্গাদের প্রতি দীর্ঘদিনের অবিচার ও অন্যায়ের বিষয়টি এ রায়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, এ রায়ের ফলে রোহিঙ্গা সংকট আবারও বিশ্ব দরবারে নতুন করে গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলোর কাছে সংকটটি নতুনভাবে আলোচনায় আসতে পারে। একই সঙ্গে পরিচয়সংকট ও পরিচয়ভিত্তিক রাজনীতির শিকার হয়ে নিজ দেশ ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের মধ্যে নৈতিক বিজয়ের অনুভূতি তৈরি হয়েছে।
মিজানুর রহমান বলেন, এ রায়ে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার অধিকারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ফলে প্রত্যাবাসনের বিষয়ে তাদের মধ্যে নতুন করে আত্মবিশ্বাস তৈরি হবে। তবে এ অর্জনকে কীভাবে কার্যকরভাবে কাজে লাগানো যায়, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তার মতে, রোহিঙ্গা কমিউনিটি, বাংলাদেশ, আন্তর্জাতিক সম্প্রদায় এবং মিয়ানমার- সব পক্ষেরই এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত করার পাশাপাশি আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের সক্রিয় যোগাযোগ বজায় রাখতে হবে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গেও কার্যকর কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখা জরুরি।
সাত বছরের আইনি লড়াইয়ের পর রায়
২০১৯ সালে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় ঘোষণা করেন আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া।
রায়ে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক কনভেনশনের অধীনে মিয়ানমারের দায় ও বাধ্যবাধকতার বিষয়গুলো তুলে ধরা হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, উত্তর রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতা শুধু সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর ব্যাপকতা ও ধরন গণহত্যার উদ্দেশ্যের বিষয়টিও সামনে নিয়ে এসেছে।
রায়ে গণহত্যা প্রতিরোধে ব্যর্থতা, অপরাধীদের শাস্তি দেয়ার দায়িত্ব পালনে অবহেলা এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে সংঘটিত অপরাধের বিষয়গুলোও বিবেচনায় নেয়া হয়।
আদালত মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত সম্পত্তি পুনরুদ্ধারের ব্যবস্থা করা। যেসব ক্ষতির প্রতিকার সম্পত্তি ফিরিয়ে দেয়ার মাধ্যমে সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণের বিষয়টিও রায়ে উঠে এসেছে। পাশাপাশি সহিংসতায় আহত ব্যক্তিদের শারীরিক ও মানসিক পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
মিয়ানমারকে রায় বাস্তবায়ন এবং প্রত্যাবাসন ও সম্পত্তি পুনরুদ্ধারসংক্রান্ত পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ ও বিস্তারিত ব্যবস্থা পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
দীর্ঘদিনের নির্যাতন ও বাস্তুচ্যুতির পর আন্তর্জাতিক আদালতের এ রায় রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তবে তাদের স্বদেশে ফেরা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসের নিশ্চয়তা এখনও বড় প্রশ্ন। রোহিঙ্গাদের প্রত্যাশা, আন্তর্জাতিক আদালতের রায় যেন শুধু আইনি দলিল হয়ে না থাকে; বরং এর বাস্তবায়নের মধ্য দিয়ে একদিন তারা ফিরে যেতে পারেন নিজেদের মাতৃভূমিতে।