টানা কয়েক ঘণ্টার অভিযান। দুর্গম পাহাড়ে ড্রোন উড়িয়ে চলে তল্লাশি। অবশেষে লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান শনাক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় হাতিটির সন্ধান পাওয়া যায়। এর আগে ভোর থেকে কয়েকটি দলে ভাগ হয়ে চলে তল্লাশি অভিযান। বুধবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজ (অজ্ঞান) করে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে বন বিভাগের।
আহত সঙ্গীকে ছেড়ে যায়নি পুরুষ হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার কখনো ধীরগতিতে চলা সঙ্গীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। গত তিন দিন ধরে টেকনাফের পাহাড়ে দেখা গেছে বন্য হাতি দুটির এমন দৃশ্য।
স্থানীয় লোকজনের ভাষ্য, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক এলাকায় সোমবার ভোরে হাতি দুটিকে দেখা যায়। স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে, উঠে গেছে চামড়াও। ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না হাতিটি। পরে হাতি দুটি পাহাড়ের ভেতরে চলে যায়।
আহত হাতিটির খবর পেয়ে উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় অভিযান। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় শিলখালী রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এতে অংশ নেন বনকর্মী, এলিফ্যান্ট রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্যরা।
দুর্গম পাহাড়ে হাতিটির অবস্থান শনাক্ত করতে ব্যবহার করা হয় ড্রোন। কয়েকটি দলে ভাগ হয়ে পাহাড়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালান বনকর্মীরা। দীর্ঘ কয়েক ঘণ্টার অভিযানের পর বিকেল তিনটার পর লোকালয় থেকে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার ভেতরে পাহাড়ের গভীরে অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান শনাক্ত করা হয়।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের শিলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর পাঁচটা থেকে বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে অভিযান শুরু হয়। অভিযানের একপর্যায়ে দুপুর ১২টার দিকে পুরুষ হাতিটির সন্ধান পাওয়া গেলেও অসুস্থ স্ত্রী হাতিটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না। পরে দীর্ঘ তল্লাশির পর বিকেল তিনটার দিকে পাহাড়ের ভেতরে হাতিটির অবস্থান পাওয়া যায়।
তহিদুল ইসলাম আরও বলেন, হাতিটি পাহাড়ের দুর্গম ও গভীর এলাকায় অবস্থান করায় মঙ্গলবার শুধু তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে ভেটেরিনারি সার্জন ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল উপস্থিত থেকে হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে। বুধবার হাতিটিকে ট্রাঙ্কুলাইজ করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে। চিকিৎসার মাধ্যমে আঘাত ও অসুস্থতার প্রকৃত কারণ নির্ণয় করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
হাতিটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে ঘটনাস্থলে যান ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মো. মোস্তাফিজুর রহমানসহ বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি দল। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।
তবে কীভাবে হাতিটির পেছনের ডান পায়ে এত গভীর ক্ষত হলো, তা এখনো জানা যায়নি। বন বিভাগও আঘাতের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।