রামু উপজেলার উত্তর মিঠাছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী প্রজ্ঞামিত্র বন বিহারে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হবে দানোত্তম কঠিন চীবর দানোৎসব।
আয়োজকরা জানান, বৌদ্ধ ধর্মীয় ভাবগাম্ভীর্যে ২৪ নভেম্বর, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ ও ২৫৭০ বুদ্ধাব্দ, মঙ্গলবার বিপুল ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রামুতে সম্পন্ন হবে এ বছরের সর্বশেষ কঠিন চীবর দানোৎসব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি, 'শাসনরত্ন' উপাধিতে ভূষিত রাঙ্গুনিয়া কুলকুরমাই সদ্ধর্মোদ্বয় বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মসেন মহাথেরো।
দিনব্যাপী দানানুষ্ঠানে দেশ-বিদেশের বৌদ্ধ ভিক্ষুসংঘ, ধর্মীয় ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার পুণ্যার্থী অংশগ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ শীলমিত্র মহাথেরো। তিনি জানান, মৈত্রীপ্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো'র ১৯তম প্রয়াণ দিবস এবং বাগ্মীপ্রবর প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথেরোসহ এলাকার পরলোকগত জ্ঞাতিগণের শান্তি-সদগতি কামনায় অষ্টপরিষ্কারসহ সংঘদানের আয়োজন করা হয়েছে।
প্রজ্ঞামিত্র বন বিহার সেবা কমিটির উপদেষ্টা, সমাজপতি বাবুল বড়ুয়া, কার্যকরি সভাপতি তরুণ বড়ুয়া, সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া ও যুব সমাজের প্রতিনিধি কীর্তনিয়া দয়াল বড়ুয়া সহ বিহারের দায়ক-দায়িকাবৃন্দ এ মহতী ধর্মীয় আয়োজনে ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা ও সর্বস্তরের মানুষের মৈত্রীময় উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।