কক্সবাজারের খুরুশকুলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস মহোৎসব, মহতী ধর্মসভা, লীলা প্রদর্শনী ও অখণ্ড মহানামযজ্ঞ। খুরুশকুল সার্বজনীন রাস মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে পালপাড়াস্থ শ্রীশ্রী রাস বিহারী মন্দির প্রাঙ্গণে ২৬ নভেম্বর পর্যন্ত এ মহোৎসব অনুষ্ঠিত হবে।
খুরুশকুলের ঐতিহ্যবাহী রাস মহোৎসরকে ঘিরে প্রতিবছর সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ মহোৎসবে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ, পুণ্যার্থী ও দর্শনার্থীর আগমন ঘটে। বিশেষ করে দৃষ্টিনন্দন প্রতিমা প্রদর্শনী, ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, সাংস্কৃতিক আয়োজন এবং নানা উৎসবীয় কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। কয়েক দিনব্যাপী এ আয়োজনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বলে আয়োজকরা জানান। ধর্মীয় উৎসবের পাশাপাশি এটি স্থানীয় জনপদের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। ফলে রাস মহোৎসর শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ থাকে না, বরং বিভিন্ন শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে সর্বজনীন উৎসবে রূপ নেয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আজ ২২ নভেম্বর রোববার ভোর ৫টায় মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। সকাল ৯টা ১ মিনিটে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, বিকেল ৪টা ১ মিনিটে পুরস্কার বিতরণ, সন্ধ্যা ৬টা ১ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টা ১ মিনিটে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হবে। ধর্মসভায় সম্মানিত অতিথি হিসেবে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
২৩ নভেম্বর সোমবার মঙ্গল আরতি, শ্রীশ্রী ঠাকুরের ভোগ আরাধনা ও আনন্দ বাজারে মহাপ্রসাদ আরাধনার পর বিকেল ৫টা ৩০ মিনিটে রাস মহোৎসবের শুভ অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধনী কীর্তন পরিবেশন করবেন শ্রী নীলকৃষ্ণ রুদ্র ও তাঁর দল, কক্সবাজার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব।
২৪ নভেম্বর মঙ্গলবার থেকে শুরু হবে অখণ্ড হরিনাম মহাযজ্ঞের আনুষ্ঠানিকতা। এদিন ঠাকুরের ভোগারাধনা, আনন্দ বাজারে মহাপ্রসাদ আরাধনা এবং রাত ৮টায় শ্রীশ্রী রাস পূজার আয়োজন রয়েছে।
২৫ নভেম্বর বুধবার দিনব্যাপী ও রাত্রিব্যাপী অখণ্ড হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভোগারাধনা ও আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে।
২৬ নভেম্বর বৃহস্পতিবার মহাযজ্ঞের পূর্ণাহুতি, নগর কীর্তন, বৈষ্ণব বিদায় ও প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী মহোৎসবের সমাপ্তি ঘটবে।
খুরুশকুল সার্বজনীন রাস মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল (নাজির), সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় চেতনা, ভক্তি, সম্প্রীতি ও ঐতিহ্যকে সমুন্নত রাখার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এ মহোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবের প্রতিটি পর্বে ভক্তবৃন্দ, সুধীজন ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহবান জানিয়েছেন তিনি। মহোৎসব সফল করতে সকলের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন খুরুশকুল সার্বজনীন রাস মহোৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিকলুময় পাল ও অর্থ সম্পাদক সুজন পাল।