এক সময়ের পরিচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা—দীর্ঘদিন পর আবারও আলোচনায়। তবে এবার অভিনয় বা পর্দার কারণে নয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি আবারো আলোচনার টেবিলে উঠে এসেছেন। আর সেই বিয়েকেই ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, উঠছে বাল্যবিবাহের অভিযোগ।
প্রশ্নটা এখন আইনের। কারণ বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। লুবাবার বয়স নিয়ে যে তথ্যগুলো সামনে এসেছে, তাতে ধারণা করা হচ্ছে—এই বিয়ে সেই সীমার ভেতরে পড়ে না। আইন অনুযায়ী, কোনো পক্ষ অপ্রাপ্তবয়স্ক হলে সেটি বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।
আইন বিশেষজ্ঞরা বলছেন, শুধু বিয়ে হলেই যথেষ্ট নয়—নিবন্ধন বাধ্যতামূলক। বয়স গোপন করে বা নিয়ম ভেঙে বিয়ে হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে। এমনকি বিদেশে গিয়ে বিয়ে করলেও, তা সব সময় বাংলাদেশের আইনে বৈধ হিসেবে স্বীকৃত হয় না
আইনে শাস্তির বিষয়টিও স্পষ্টভাবে উল্লেখ আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বাল্যবিবাহ সম্পাদন বা অংশগ্রহণ করলে সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ১ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ, লুবাবার স্বামী যদি প্রাপ্তবয়স্ক হন, তার জন্য এই শাস্তি প্রযোজ্য।
অপ্রাপ্ত বয়সে শিশু শিল্পী সিমরিন লুবাবার বিয়ের বিষয় জানতে তার পরিবারের সাথে যোগযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। তবে আইনজীবীরা বলছেন দেশের প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের এই আইন মেনে সরকারকে সহযোগিতা করা উচিৎ।