স্টাফ রিপোর্টার, টেকনাফ
কক্সবাজারের টেকনাফ থেকে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপিথর দায়িত্বপূর্ণ মধ্য দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে, দমদমিয়া পাড়া সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশী সার অবৈধভাবে মিয়ানমারে পাচারের প্রস্তুতি চলছে।
উক্ত তথ্যের ভিত্তিতে (২ বিজিবির) একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খালে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা একটি হস্তচালিত কাঠের নৌকা ও ৩৫ বস্তা সার জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা নৌকা ও সার ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন,জব্দ করা সার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে দমদমিয়া বিওপিতে পর্যেবক্ষণ করা হয়। পরে কৃষি অধিদপ্তরের আইন অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দেয়ার পর সারগুলো লাইসেন্সধারী সার ডিলারের কাছে হস্তান্তর করা হয়।