গিয়াস উদ্দিন
টেকনাফ পৌরসভার কায়ুকখালীখাল জবর-দখল মুক্তকরণ এবং নান্দনিক পরিবেশ ও ভূমিরূপ সাজসজ্জা বা ল্যান্ডস্কেপিং প্রকল্পের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে।
কর্তৃপক্ষ সূত্র জানায়, ৩ দশমিক ৩ শত এক কিলোমিটার দীর্ঘ এই খালের খনন কাজ ছাড়াও প্রকল্প এলাকায় ব্যাপক সৌন্দর্যবর্ধন ও নাগরিক সুবিধার ব্যবস্থা করা হচ্ছে। সাউদার্ন চট্টগ্রাম রিজিওনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতাধীন সাব-প্রকল্পের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ কোটি ৭১ লাখ ৪৭ হাজার ৯শত টাকা। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে, ৩টি পুকুরের সৌন্দর্যবর্ধন ও পরিমার্জন। টেকনাফ মডেল থানা পুকুর, ২য় টি কাদের হোসেনের পুকুর এবং ৩টি ইসলামাবাদ কায়ুকখালী খালের পশ্চিম প্রান্তের খোলা জায়গায় একটি দৃষ্টিনন্দন পুকুর হিসেবে গড়ে তোলা হবে। ইসলামাবাদ থেকে নাফ নদী পর্যন্ত একটি আধুনিক পথচারী ওয়াকওয়ে (ফুটপাত) নির্মাণ করা হবে। একই সঙ্গে আরসিসি ব্রিজ, ফুট-ওভার ব্রিজ, ল্যান্ডস্কেপিং এবং পুরো এলাকায় পরিবেশবান্ধব সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
টেকনাফের স্থল বন্দরের ব্যবসায়ী এখতেশামুল হক বাহাদুর ও বাস স্টেশন বনিক কল্যান সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম বলেন, 'পৌরসভার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কোনো ধরনের দুর্নীতি ছাড়া এর সঠিক বাস্তবায়ন হোক। পরিকল্পনা অনুযায়ী কাজ হলে পুরো দৃশ্যপট বদলে যাবে এবং সাধারণ মানুষ দীর্ঘমেয়াদী সুফল পাবে। পাশাপাশি পৌরসভায় সাধারণ মানুষের ব্যবহারের জন্য গণশৌচাগার ও নিরাপদ খাবার পানির স্থায়ী ব্যবস্থা করা অত্যন্ত জরুরি।'
ছাত্র প্রতিনিধি রুবায়েদ হাসান বলেন, প্রকল্পের তদারকি ও সচেতনতা নিয়ে 'পৌরসভার খালকে দূষণমুক্ত ও অবৈধ জবর-দখল মুক্ত করে খালের প্রকৃত পরিমাপ যথাযথভাবে রক্ষা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে স্মারকলিপি প্রদান করেছিলাম। আশা করি, এই প্রকল্পের মাধ্যমে কায়ুকখালী খাল পুরোপুরি দখলমুক্ত হবে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা একটি নাগরিক কমিটি গঠন করে তদারকি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি নজরে আসে, তবে সচেতন সমাজকে সঙ্গে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো।'
টেকনাফ প্রেস ক্লাবের সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম সাইফি বলেন, 'এটি পৌরসভাকে বদলে দেওয়ার জন্য বিশাল একটি সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে কায়ুকখালী খাল এলাকা একটি দৃষ্টিনন্দন পর্যটন স্পটে পরিণত হবে এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা মুগ্ধ হবেন।'
ছাত্র প্রতিনিধি মোরশেদ আলম বলেন, 'বাংলাদেশের সর্বদক্ষিণ টেকনাফের জিরো পয়েন্টে আসা পর্যটকেরা যাতে তাদের স্মৃতির অ্যালবামে নান্দনিক কিছু ধরে রাখতে পারেন, সেজন্য গোলচত্বর, ঝর্ণা চত্বর ও শাপলা চত্বরকে মিনার বা বিশেষ স্থাপত্যশৈলী দিয়ে নান্দনিক চত্বরে রূপান্তর করা অত্যন্ত প্রয়োজন।'
পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির পাশাপাশি টেকনাফ একটি পরিবেশবান্ধব ও আধুনিক পর্যটন নগরী হিসেবে আত্মপ্রকাশ করবে।
টেকনাফ পৌরসভার তদারকি কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দীন আহমদ বলেন, 'এই প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়ন হলে কায়ুকখালী খালের রূপ সম্পূর্ণ বদলে যাবে। শহরের জলাবদ্ধতা দূর করার পাশাপাশি এটি পৌরবাসীর জন্য একটি আধুনিক বিনোদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। নির্ধারিত নিয়ম ও সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে বদ্ধপরিকর। ২০২৭ সালের ২৯ নভেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।'