শুক্রবার (২০ নভেম্বর) চিত্রনায়িকা শবনম বুবলীর শুভ জন্মদিন। দিনটি ব্যক্তিগতভাবে উদ্যাপন করলেও বিশেষ দিনটিতে ভক্তদের সুখবর জানিয়েছেন অভিনেত্রী।
দ্বিতীয়বার মা হওয়ার পর জনসম্মুখে বুবলীকে তেমন দেখা না গেলেও কাজের নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
এদিকে জন্মদিনের দিন শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’র পোস্টার প্রকাশ করেন বুবলী।
ক্যাপশনে জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশনস’-এর প্রথম কাজের সুখবর। জানান, তার প্রযোজিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘প্যানোরামা ট্যালেন্ট সেকশন’-এ নির্বাচিত হয়েছে।
সবার ভালোবাসা প্রত্যাশা করে ভক্তদের আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দেয়ার কথা জানান অভিনেত্রী।
অভিনয়ে ফেরা নিয়েও সুখবর রয়েছে বুবলীর। দ্বিতীয়বার মা হওয়ার পর থেকে আপাতত ব্যক্তিগত সময় কাটালেও নির্মাতা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে আবারও কাজে ফিরবেন তিনি।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং নতুন বছরের জানুয়ারিতে শুরুর কথা রয়েছে। যদিও এ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি বুবলী।