মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা নিশ্চিত করা কোনো একক খাত বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। বরং সমন্বিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সবার জন্য মানসিক সুস্থতা নিশ্চিত করা সম্ভব। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ও বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমের স্বাস্থ্যখাত এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা (MHPSS) টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল-‘মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা: সবার দ্বারা, সবার জন্য’।
এতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি), জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও জাতীয় বেসরকারি সংস্থা এবং স্থানীয় সংগঠনের প্রায় ১৫০ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন MHPSS টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর ওলুফুনকে ওগুন্ডেরু (ফুনকে) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডা. শাহরিয়ার ফারুক।
প্যানেল আলোচনায় ডব্লিউএইচও কক্সবাজার সাব-অফিসের প্রধান বলেন, সব খাতের কর্মসূচিতে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তাকে (MHPSS) মূলধারায় অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করতে আরও উদ্যোগ নেওয়া জরুরি।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু স্বাস্থ্য খাতের একার দায়িত্ব নয়। শিক্ষা, শিশু সুরক্ষাসহ অন্যান্য খাতের কর্মসূচিতে কীভাবে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা অন্তর্ভুক্ত করা যায়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতি প্রায় ৯২ শতাংশ—এ বাস্তবতা বিবেচনায় রেখে দক্ষ জনবল তৈরি এবং সেবার পরিধি বাড়ানোর ওপর জোর দেন আলোচকরা।
প্যানেল আলোচনায় আরও অংশ নেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের (আরআরআরসি) স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু তোহা, সহকারী স্বাস্থ্য সমন্বয়ক ডা. সারওয়ার জাহান, শিক্ষা সেক্টরের প্রতিনিধি কাজী মাফিজুর রহমান এবং শিশু সুরক্ষা সেক্টরের প্রতিনিধি তাসলিমা বেগম।
অনুষ্ঠানের অংশ হিসেবে পুতুলনাচ, ছায়া পুতুলনাচ ও ভিডিওচিত্রের মাধ্যমে মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে কমিউনিটির মানুষের অভিজ্ঞতা, অনুভূতি ও বাস্তব চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি বিভিন্ন অংশগ্রহণকারী সংস্থা তাদের পরিচালিত মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তামূলক সেবা, উদ্যোগ ও কার্যক্রম প্রদর্শন করে।
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিভিন্ন খাতের মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদার হওয়ার পাশাপাশি মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য সহজলভ্য সহায়তা নিশ্চিত করার পথ আরও সুগম হবে।