টেকনাফে সেনাবাহিনীর সদস্য তিতাসকে হত্যার ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মুছনী বাজারস্থ জহির আহাম্মদ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হোসেন প্রকাশ বক্কইন্যা (২০)। সে টেকনাফের মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের (রুম নং-০৫) মৃত কামাল হোসেন ও বেগম বাহারের ছেলে।
বুধবার (১১ নভেম্বর) এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, টেকনাফে সেনাসদস্য তিতাস হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিত গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প) এবং সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল মুছনী বাজার এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার এজাহারনামীয় ১৮নং আসামি রোহিঙ্গা যুবক বক্কইন্যাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
বিজ্ঞপ্তিতে এসআরবি আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।