চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত এবং সাবেক শিক্ষার্থীদের দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর দুইবারের নির্বাচিত সাবেক সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। গতকাল শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম নগরীতে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ মহেশখালী (চুসাম)’-এর নবীনবরণ ও সংবর্ধনা এবং ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই মহেশখালী’-এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
চুসামের নবীনবরণ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা
শুক্রবার চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ ক্রিয়েটিভ পার্কে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অফ মহেশখালী (চুসাম)’-এর উদ্যোগে নবীনবরণ ও মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালীর কৃতী সন্তান ও বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলমগীর ফরিদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “সততা ও মেধার পরিচয়ে দেশ গঠনে ভূমিকা পালনে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।” উচ্চশিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহেশখালীর শিক্ষার্থীদের এই সম্মিলনকে অত্যন্ত আনন্দের উল্লেখ করে তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও নিজ এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান এবং চুসামের যেকোনো গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ সিদ্দিকী শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। চুসামের নেতৃবৃন্দের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই মহেশখালীর কার্যনির্বাহী কমিটির সভা:
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশস্থ হালদা হল রুমে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই মহেশখালী’-এর কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি ফরিদুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আওলাদ হোসেন সাগরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সরোয়ার কামাল, পরিকল্পনা কমিশনের উপসচিব আবুল হাসেমসহ অ্যালামনাই নেতৃবৃন্দ। সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা ও মহেশখালীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে সাবেক শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।