রামুতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কার প্রদান এবং শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রামু উপজেলা পরিষদের বাঁকখালী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা অফিসার শিশু সাহিত্যিক মোঃ নাছির উদ্দিন।
মানারাতুল উম্মাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রামু উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুল আবছার, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর নাঈম উদ্দিন মাহমুদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদ, সৌদি আরবের মক্কা সৌদি প্রবাসী ফোরামের সভাপতি এমএ মান্নান, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ভাষা ও অনুবাদ বিভাগের অনুবাদক মুবিনুর রহমান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ও সিবিএন-এর নির্বাহী সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার উইজডম গ্লোবাল স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল হাকীম, বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা আব্দুল জব্বার আল মামুন ও রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন বলেন, “দীর্ঘ শিক্ষকতা পেশা ও শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে এ ধরনের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়েনি। নিয়মিত পাঠদানের পাশাপাশি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতিসহ সহশিক্ষা কার্যক্রম প্রশংসার দাবি রাখে। একজন শিশুকে মেধাবী, নৈতিকতাবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার সব চাহিদা এখানে পূরণ হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠান শুধু শিক্ষার্থী নয়, দেশকেও এগিয়ে নেবে।”
মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা বশির উদ্দিন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ছলিম উল্লাহ জিহাদী ও মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বৃত্তিপ্রাপ্ত ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। অতিথিরা ২০২৫ সালের ইবতেদায়ি পঞ্চম শ্রেণির সরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৬ জন, অষ্টম শ্রেণির ১ জন এবং আইডিয়্যাল ট্রাস্ট বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন। পাশাপাশি নূরানী তৃতীয় শ্রেণির কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ প্লাস অর্জনকারী ১০ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
এ ছাড়া ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং বিভাগ ও শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। এ সময় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক নাছির উদ্দিন এবং শ্রেষ্ঠ স্টাফ মোহাম্মদ কাওসারকে সম্মাননা প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় সংগীত, হামদ-না’ত, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, ইংরেজি ও আরবি বক্তব্য এবং শিক্ষা ও সচেতনতামূলক নাটিকা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শিশু শিক্ষার্থীদের সুমধুর পরিবেশনা, সাবলীল উপস্থাপনা ও সৃজনশীল কর্মকাণ্ড উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।