যুবসমাজ কোনো দেশের বোঝা নয়; বরং তারাই জাতির সবচেয়ে বড় সম্ভাবনা ও শক্তি। কিন্তু সেই শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে জাতীয় উন্নয়ন ও সামাজিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়। তাই যুবকদের ইসলামী জ্ঞানচর্চা, নৈতিক চরিত্রের বিকাশ, কর্মদক্ষতা ও সাংগঠনিক শৃঙ্খলায় গড়ে অতীব তোলা জরুরি। বাংলাদেশ ইসলামী যুবসমাজ প্রতিষ্ঠালগ্ন থেকেই সেই লক্ষ্যে কাজ করছে। এ কর্মধারা বেগবান করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। একই সাথে নতুন প্রজন্মের মাঝে ইসলামের চিরন্তন সৌন্দর্য ও শাশ্বত জীবনদর্শন তুলে ধরতে হবে।
বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সম্প্রতি কক্সবাজার শহরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী। বিশেষ অতিথি ছিলেন, নেজামে ইসলাম পার্টি কক্সবাজার পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, নায়েবে আমীর হাফেজ মোহাম্মদ সালেম, জেলা নেজামে ইসলাম পার্টির যুববিষয়ক সম্পাদক মাওলানা মুফতি ইউছুফ মক্কী। এছাড়াও বক্তব্য রাখেন, জেলা ইসলামী যুবসমাজের যুগ্ম আহবায়ক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আসেম, সদস্য মাওলানা মুহাম্মদ দিদারুল আলম ও মুহাম্মদ সিরাজুল মোস্তফা প্রমুখ।
সভায় কক্সবাজার জেলায় ইসলামী যুবসমাজের সাংগঠনিক কর্মতৎপরতা গতিশীলকরণ, দায়িত্বশীলদের সক্রিয়তা বৃদ্ধিসহ গঠনমূলক কর্মসূচির ওপর গুরুত্বারোপ করা হয়।