কক্সবাজারের কুতুবদিয়ায় আলাদা দুটো ঘটনায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিকেল ৫টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের কাইছার পাড়ায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় নেজাম উদ্দিনের ৮ বছর বয়সি মেয়ে আলিফা এবং খোকনের ৪ বছর বয়সি মেয়ে রাইসা মনি। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক ডা. তানজিনা তাদের মৃত ঘোষণা করেন।
রাইসা মনির নানা মোহাম্মদ হোছাইন জানান, রাইসা এক সপ্তাহ আগে কৈয়ারবিলের বিন্দাপাড়া থেকে বেড়াতে তার বাড়িতে আসে। বিকেলে সম্পর্কে খালা-ভাগনি আলিফা ও রাইসা একসঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।
এদিকে, একই দিন সকাল ১১টার দিকে উত্তর ধুরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে পুকুরে ডুবে মাহমুদুল হকের দুই বছর বয়সি মেয়ে ফাইজার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক জানান, একই দিনে তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। প্রাথমিক তথ্য যাচাই শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের পারিবারিকভাবে দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
একদিনে তিন শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।